জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর প্রতিনিধি।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চার সদস্যসহ মোট ছয়জন দগ্ধ হয়েছেন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকার একটি কারখানার সেমি-পাকা টিনশেড গুদামে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বাইরে বের হয়ে আসলেও হঠাৎ কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ফায়ার সার্ভিসের তিনজন ফায়ার ফাইটার, একজন অফিসার এবং কারখানার এক কর্মকর্তা গুরুতর দগ্ধ হন।
দগ্ধরা হলেন—ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা, মো. জয় হাসান এবং কারখানার এক কর্মকর্তা (যার পরিচয় এখনো নিশ্চিত নয়)। আহতদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় তিনজন কর্মী আহত হয়েছেন। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই ঘটনাকে ঘিরে টঙ্গী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গাজীপুর নিউজ 24
আপনাদের যে কোনো নিউজ, বিজ্ঞাপন ও মতামত জানাতে যোগাযোগ করুন-
মোবাইল: 01913-891217 Email:- gazipurnews24bd.com@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ www.gazipurnews24bd.com