নিজস্ব প্রতিবেদক, নিকলী (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৫নং জারইতলা ইউনিয়নের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জারইতলা ছুরত আলীর মোড় পর্যন্ত শতবর্ষী গুরুত্বপূর্ণ সড়কটি আরসিসি (RCC) দ্বারা পাকা নির্মাণকাজের লক্ষ্যে লেআউট কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসাধারণের দুর্ভোগ লাঘবে এ প্রকল্পকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে কাঁচা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি বর্ষা মৌসুমে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক এবং ব্যবসায়ীদের জন্য নানা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে সড়কটি পাকা নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
লেআউট কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা প্রকৌশলী জনাব মোঃ সাইফুল ইসলাম। তিনি প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক পরিদর্শন করেন এবং নির্ধারিত নকশা ও মান বজায় রেখে কাজ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৫নং জারইতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ ইসহাক রানা, ঠিকাদার মোঃ নজরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর ধরে তারা এই সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে বাস্তবায়নের পথে অগ্রসর হওয়ায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা করেন, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন হলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ হবে।
এলাকাবাসীর মতে, উন্নয়নবান্ধব এ উদ্যোগ নিকলী উপজেলার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
গাজীপুর নিউজ 24
আপনাদের যে কোনো নিউজ, বিজ্ঞাপন ও মতামত জানাতে যোগাযোগ করুন-
মোবাইল: 01913-891217 Email:- gazipurnews24bd.com@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ www.gazipurnews24bd.com