
নিজস্ব প্রতিবেদক | আমির হোসেন রিমন
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের মাত্র এক ঘণ্টার মধ্যেই চুরি হওয়া একটি মিনিট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ সময় মিনিট্রাক চুরির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটে ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে। এ সময় এক নারী কলার গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ঢাকা মেট্রো-ন-১২-২৮৪২ নম্বরের একটি মিনিট্রাক চুরি হয়েছে। গাড়িতে সংযুক্ত জিপিএস ট্র্যাকার ব্যবহার করে তিনি দেখতে পাচ্ছিলেন, মিনিট্রাকটি গাজীপুরের শফিপুর এলাকার দিকে চলমান রয়েছে।
কলার আরও জানান, ব্যাংক ঋণের মাধ্যমে কেনা এই মিনিট্রাকের মাসিক কিস্তি পরিশোধ করে বাকি অর্থ দিয়েই তিনি সংসার পরিচালনা করেন। তাই গাড়িটি দ্রুত উদ্ধারের জন্য তিনি ৯৯৯-এর সহায়তা কামনা করেন।
কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জাহিদ হাসান ফয়সাল। পরে উদ্ধার কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই শরিফুল ইসলাম। তাৎক্ষণিকভাবে বিষয়টি গাজীপুর জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষকে জানানো হয়।
৯৯৯ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি টহল দল ভোর সাড়ে ৬টার দিকে শফিপুর ফ্লাইওভারের ওপর ব্যারিকেড দিয়ে মিনিট্রাকটি আটক করে। এ সময় মিনিট্রাকসহ দুইজন চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ জুবায়ের হোসেন (১৮), পিতা: ইস্রাফিল, গ্রাম: নাংদোলা, জেলা: কিশোরগঞ্জ।
২. মোঃ রাজীব (২২), পিতা: মোঃ লিটন, এলাকা: বকশীগঞ্জ, জেলা: জামালপুর।
উদ্ধারকৃত মিনিট্রাকের মালিক নারী কলারকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে গাড়িটি তার কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
জয়দেবপুর থানার টহলদলের নেতৃত্বে থাকা এসআই মুক্তার হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেছেন।