
জামালপুর প্রতিনিধি: ইসমাইল হোসেন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
অনুষ্ঠানে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী।
দলীয় সূত্রে জানা যায়, বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান এবং মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাসুদ মিয়ার নেতৃত্বে এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমির মাওলানা আবদুল মতিনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন সদস্যদের যোগদানের মাধ্যমে এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে ইসলামী আদর্শ বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।