
ডেস্ক রিপোর্ট: সজীব সরকার জীবন
গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ও কথিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী (২১) কে গ্রেফতার করা হয়েছে। বর্তমান সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবকের দায়ের করা মামলায় সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে সেনাবাহিনী প্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করতেন বলেও অভিযোগ রয়েছে।
পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। ওই চক্রের নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কথিত জুলাইযোদ্ধা তাহরিমা সুরভী। তদন্তে জানা গেছে, চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার তাহরিমা জান্নাত সুরভী নিজেকে ‘চব্বিশের গণঅভ্যুত্থান’-এর অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন।
অভিযান শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।