
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী নুরুল হুদা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই জনে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল হুদার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।
নিহত নুরুল হুদা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার আব্দুল মনসুরের ছেলে। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন শাহিন আলম।
এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক ফায়ার ফাইটার শামিম আহমেদ।
উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ফেমাস কেমিক্যাল নামে একটি প্রতিষ্ঠানের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে চার ফায়ার সার্ভিস কর্মীসহ মোট পাঁচজন দগ্ধ হন।