
ময়মনসিংহ প্রতিনিধি:- ইসমাইল হোসেন: ময়মনসিংহের ত্রিশাল আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় এসেছেন আব্দুল মুনসুর ফকির। পেশায় একজন ভিক্ষুক হয়েও সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ায় পুরো ত্রিশাল উপজেলাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল।
আব্দুল মুনসুর ফকির ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মঠবাড়ী বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি একজন সাধারণ মানুষ হিসেবেই পরিচিত। তবে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নতুন নয়। এর আগেও তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এবার সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় তাকে নিয়ে আলোচনার মাত্রা আরও বেড়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আব্দুল মুনসুর ফকির জানান, জনসেবার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। তিনি বলেন,
“আমি যদি এমপি হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো। আমি বিশ্বাস করি, সাধারণ মানুষ আমার পাশে থাকবে।”
একজন ভিক্ষুকের এমন সাহসী পদক্ষেপে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে ইতিবাচক ও অনুপ্রেরণামূলক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে ব্যতিক্রমী চমক হিসেবেই বিবেচনা করছেন। তবে ভোটের মাঠে তিনি কতটা প্রভাব ফেলতে পারবেন, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ।