
নিজস্ব প্রতিবেদক: সেলিম আহম্মেদ
রাজধানীর দক্ষিণখাণ এলাকায় এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত নারী পুলিশ সদস্যের বাবা নাসির জানান, তারা জানতে পেরেছেন—রাত আনুমানিক ১০টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে তার মেয়ে নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তার স্বামী অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করলে মরদেহটি মর্গে পাঠানো হয়। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।