
বাড়ি পাবনার ফরিদপুরে, আসল নাম সেলিম।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া স্বাধীন (২৮)-এর প্রকৃত নাম সেলিম। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, তিনি নিজের পরিচয় গোপন রাখতে বাবার নামও জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করেছেন। স্বাধীন পরিচয়ে চলাফেরা করলেও তার আসল বাবার নাম জামাল উদ্দিন। অথচ তিনি নথিপত্রে বাবার নাম লিখেছেন নূর মোহাম্মদ। তবে মায়ের নাম পরিবর্তন করেননি।
গ্রেফতার সেলিম ওরফে স্বাধীন পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের সোনাহারা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের ৩নং ওয়ার্ড সদস্য মজিবুর রহমান সরকার মজনু।
এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে, জামাল উদ্দিনের দুই ছেলে— বড় ছেলে সেলিম ওরফে স্বাধীন এবং ছোট ছেলে সোহেল। ছোট ছেলে লেখাপড়া শিখে ঢাকায় চাকরি করেন। কিন্তু সেলিম ছোটবেলা থেকেই এলাকায় বখাটে হিসেবে পরিচিত ছিলেন। তিনি চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন। যদিও তার নামে থানায় কোনো মামলা ছিল না।
চতুর্থ বা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে আর স্কুলে যাননি সেলিম। তার বাবা ছিলেন ভ্যান-রিকশাচালক। প্রায় ১৫ বছর আগে পারিবারিক কলহে বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। মা দুই ছেলেকে নিয়ে নানার বাড়ি আশ্রয় নিলেও পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করে স্বামীর বাড়ি চলে যান। এরপর সেলিম এলাকা ছেড়ে ঢাকায় চলে আসেন এবং সেখানে জড়িয়ে পড়েন অপরাধচক্রের সঙ্গে।
এলাকাবাসীর ভাষ্য, সেলিম ওরফে স্বাধীন মাঝে মাঝে গ্রামে ফিরে কয়েকদিন থাকতেন। ধারণা করা হয়, ঢাকায় অপরাধ করে পালিয়ে এসে কিছুদিন এলাকায় অবস্থান করে আবার ঢাকায় যেতেন। তবে ঢাকায় তার সুনির্দিষ্ট ঠিকানা ও কর্মকাণ্ড সম্পর্কে কেউ জানতেন না।
স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান সরকার মজনু বলেন, “সাংবাদিক তুহিন হত্যায় গ্রেফতার হওয়ার পর আমরা জানতে পারি সে গাজীপুরে বসবাস করতো। কিন্তু তার নাম স্বাধীন নয়, তার আসল নাম সেলিম। বাবার নামও নূর মোহাম্মদ নয়, আসল নাম জামাল উদ্দিন।”