
নিজস্ব প্রতিবেদক ॥ আশিকুর রহমান-
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত আসাদুল হক বাবু হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত এ আদেশ দেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। মামলার অন্যান্য আসামিদেরও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিহত আসাদুল হক বাবুর ছোট ভাই সাংবাদিকদের বলেন, “আমরা ন্যায়বিচার চাই। এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের পরিচয়, অবস্থান যাই হোক না কেন, আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।”
আরেক স্বজনের ভাষ্য, “তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়া হয়েছে শুনে আমরা আশাবাদী। তদন্তের মাধ্যমে সত্য বের হয়ে আসবে।”
ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন, “হত্যাকাণ্ডটি পরিকল্পিত নাকি আকস্মিক, তা বের করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা করছি।”
বৈষম্যবিরোধী আন্দোলনে আসাদুল হক বাবুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এবার তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়ায় মামলার তদন্তে নতুন মোড় আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।