
ভিডিও জার্নালিস্ট, মোহসিন হোসেন:- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীতে আরও এক রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির। বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রাজধানীর বসুন্ধরা সিটি মার্কেটের পেছনে স্টার হোটেলের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। গুলিবিদ্ধ সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন।” পুলিশ জানায়, তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা এই হামলা চালায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।